মাদক ও কিশোর গ্যাং দমনে রাজনৈতিক সদিচ্ছার আহ্বান জামায়াতের
চট্টগ্রাম, ২৮ জুন : আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী যুব বিভাগের উদ্যোগে নগরীতে এক যুব র্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়।
র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার নগরবাসীর নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও যুব কমিটির সভাপতি অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীর সভাপতিত্বে এবং যুব কমিটির সেক্রেটারি আ ন ম জোবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে নজরুল ইসলাম বলেন, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর অপরাধ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। মাদক ও কিশোর গ্যাং একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে সমাজে অপরাধের বিস্তার ঘটাচ্ছে।
তিনি বলেন, মাদকের প্রভাবে বিচারবোধ নষ্ট হয়ে খুন, ধর্ষণ, সহিংসতাসহ বিভিন্ন জঘন্য অপরাধের প্রবণতা বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক সদিচ্ছা, আইনের নিরপেক্ষ প্রয়োগ এবং মাদক ব্যবসায়ী ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি। পাশাপাশি সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধ, আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি নিশ্চিতকরণ এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস. এম. লুৎফর রহমান, যুব কমিটির নগর সহ-সভাপতি মুহাম্মদ ইসমাইল, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী তাওসীফ সুলতান রাফি এবং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ওয়াসি উদ্দিন আনসারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর জামায়াতের অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চায় জামায়াতের যুব বিভাগ। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকবিরোধী আন্দোলনকে একটি দিবসের কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিটি মহল্লা, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক পরিসরে গণসচেতনতা সৃষ্টি করতে হবে।
তিনি আরও বলেন, তরুণদের নৈতিক, মানবিক ও আদর্শিক মূল্যবোধে গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। তাহলেই মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.