চমেক হাসপাতালে প্রায় ২ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিল কেএসআরএম
হিমোডায়ালাইসিস, ৪ডি আল্ট্রাসাউন্ড ও কালার ডপলার মেশিনে সমৃদ্ধ হলো হাসপাতাল
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় দুই কোটি টাকা মূল্যের অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে দেশের অন্যতম শীর্ষ ইস্পাত প্রস্তুতকারী শিল্পগ্রুপ কেএসআরএম।
শনিবার (২৭ জুন) চমেক হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক সেলিম উদ্দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ এবং চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন।
হস্তান্তর করা সরঞ্জামের মধ্যে রয়েছে চারটি হিমোডায়ালাইসিস মেশিন, চারটি রিয়েল-টাইম ৪ডি আল্ট্রাসাউন্ড মেশিন এবং জিই ব্র্যান্ডের একটি অত্যাধুনিক কালার ডপলার সিস্টেম। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব যন্ত্রপাতি রোগ নির্ণয় ও চিকিৎসাসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদ বলেন, “দুই হাজার ২০০ শয্যার চমেক হাসপাতালের জন্য বর্তমান বাজেট প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে অনেক রোগী চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। কেএসআরএমের এই সহায়তা রোগীদের চিকিৎসাসেবায় ইতিবাচক প্রভাব ফেলবে।” তিনি অন্যান্য শিল্পপ্রতিষ্ঠানকেও স্বাস্থ্যসেবার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, “যেকোনো সংকটময় সময়ে কেএসআরএম আমাদের পাশে দাঁড়িয়েছে। মানবিক সহায়তায় প্রতিষ্ঠানটির ভূমিকা প্রশংসনীয়। তাদের দেওয়া এই অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম সংকটাপন্ন রোগীদের জীবন রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং কম খরচে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়তা করবে।”
কেএসআরএমের পরিচালক (বিক্রয় ও বিপণন) জসিম উদ্দিন বলেন, “চমেক হাসপাতালের মানবিক কার্যক্রমে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। মানুষের কল্যাণে কাজ করাই কেএসআরএম পরিবারের অঙ্গীকার। ভবিষ্যতেও যেকোনো মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে কেএসআরএম ও চমেক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন কেএসআরএমের পরিচালক জসিম উদ্দিন, উপপরিচালক ডা. ইলিয়াছ চৌধুরী, সহকারী পরিচালক ডা. কাজী সাইফুল আলম, ডা. দেব প্রসাদ চক্রবর্তী, ডা. রুমা ভট্টাচার্য্য, উপমহাব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান, মোস্তফা আনোয়ার, মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, ব্যবস্থাপক তাজ উদ্দিন, করপোরেট চিকিৎসক ডা. মেজবাহ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.