কৃষি ও পরিবেশ উন্নয়নে বড় পদক্ষেপ পদ্মা ব্যারাজ প্রকল্প,উপকৃত হবে ১৯ জেলার ১২০ উপজেলা

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও পানি ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’ অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। আগামী সাত বছরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, দেশের প্রায় ৩৭ শতাংশ মানুষ সরাসরি এ প্রকল্পের সুফল ভোগ করবে। প্রকল্পের আওতায় চারটি বিভাগের ১৯টি জেলার ১২০টি উপজেলা উপকৃত হবে। কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পানি ব্যবস্থাপনার উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক সম্ভাবনা বিকাশের লক্ষ্যে বিএনপি নেতৃত্বাধীন সরকার ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী উল্লেখ করেন, ‘পদ্মা ব্যারাজ প্রকল্প’ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের দুই গুরুত্বপূর্ণ অঞ্চলে পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হবে। একই সঙ্গে কৃষি, জীববৈচিত্র্য, পরিবেশ সংরক্ষণ এবং সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

সরকার আশা করছে, বৃহৎ এ দুটি প্রকল্প বাস্তবায়নের ফলে দেশের খাদ্য নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি আঞ্চলিক বৈষম্য হ্রাস এবং টেকসই উন্নয়ন ত্বরান্বিত হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.