অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন, চট্টগ্রামের সিটি রাজবাড়ি রেস্তোঁরাকে ৩০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন ২ নম্বর গেট এলাকার পূর্ব নাসিরাবাদে অবস্থিত ‘সিটি রাজবাড়ি রেস্তোঁরা’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১০ জুন) বিকেল ৫টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা।

অভিযানকালে রেস্তোঁরাটির রান্নাঘর ও আশপাশের পরিবেশ অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। এছাড়া ফ্রিজের ভেতরে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কাঁচা গরুর মাংস, রুটি তৈরির খামির এবং বিভিন্ন ধরনের সবজি একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় অপরাধ আমলে নিয়ে প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা গণমাধ্যমকে জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

তিনি বলেন, চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.