চসিক মেয়রের প্রস্তাব নাকচ : ” প্রধানমন্ত্রীর মন্তব্য শীর্ষক” সংবাদের বিষয়ে আমি কোন গণমাধ্যমকে সাক্ষাৎকার প্রদান করিনি —- মেয়র ডাক্তার শাহাদাতের বিবৃতি

সম্প্রতি মশক নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ও কয়েকজন কর্মকর্তার সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদ ও মন্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন মেয়র।

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান Valent BioSciences LLC-এর আমন্ত্রণে সম্ভাব্য সফর সংক্রান্ত বিষয়ে স্থানীয় সরকার বিভাগ গত ২৪ মে ২০২৬ তারিখে একটি পত্র জারি করে প্রশাসনিক নিষ্পত্তি সম্পন্ন করেছে। কিন্তু ওই পত্র জারির দীর্ঘ সময় পর হঠাৎ করে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি পুনরায় আলোচনায় আনা হয়েছে।

বিবৃতিতে ডা. শাহাদাত হোসেন বলেন, “মঙ্গলবার প্রকাশিত কয়েকটি সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত কিছু পোস্টে আমার নামে বিভিন্ন বক্তব্য উদ্ধৃত করা হয়েছে। আমি স্পষ্টভাবে জানাতে চাই, এ বিষয়ে আমি কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দিইনি, কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলিনি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যকারী কাউকেও কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া প্রদান করিনি। ফলে আমার নামে প্রচারিত বক্তব্যগুলো আমার নয়।”

চসিক মেয়র বলেন, মশক নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আধুনিক ও কার্যকর প্রযুক্তি সম্পর্কে জানার আগ্রহ থেকেই বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তিনি তা সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়েছেন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় সরকারের নীতিমালা, আইন ও প্রশাসনিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, আধুনিক প্রযুক্তির পাশাপাশি পরিচ্ছন্নতা ও জনসম্পৃক্ততাই সবচেয়ে কার্যকর উপায়। তিনি নগরবাসীকে ডোবা, নালা-নর্দমা, খাল, জলাশয় ও বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান এবং যেখানে-সেখানে ময়লা, প্লাস্টিক, পলিথিন ও ককশিট না ফেলার অনুরোধ করেন।

বিবৃতির শেষাংশে তিনি বলেন, “করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ” এই চেতনাকে ধারণ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরবাসীর কল্যাণে কাজ করে যাবে। একইসঙ্গে ডেঙ্গু ও চিকুনগুনিয়ামুক্ত একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.