চসিক মেয়রের ফ্লোরিডা সফরের প্রস্তাব নাকচ, ‘মশক নিধন শিখতে ডোবার পাশেই দাঁড়ালেই হবে’— প্রধানমন্ত্রীর মন্তব্য

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে প্রস্তাবিত এ সফরকে অপ্রয়োজনীয় উল্লেখ করে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন, “মশক নিধন শিখতে ফ্লোরিডা যেতে হবে না, সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই-তিন ঘণ্টা দাঁড়ালেই অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসির অর্থায়নে চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি প্রতিনিধিদলের ফ্লোরিডা সফরের প্রস্তাব অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানো হয়েছিল। তবে প্রধানমন্ত্রী প্রস্তাবটি সরাসরি নাকচ করে দেন।

প্রধানমন্ত্রী বলেন, মশক নিধন শেখা বা এ সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বিদেশ সফরের প্রয়োজন নেই। দেশের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করেই কার্যকর উদ্যোগ গ্রহণ করা সম্ভব।

এদিকে ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নিজ কার্যালয়ে আলোর ব্যবহার কমিয়েছেন। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে বিপণিবিতান ও বিপণিকেন্দ্র বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সরকারের ব্যয় সংকোচন ও অর্থ অপচয় রোধে গৃহীত নানা উদ্যোগের প্রেক্ষাপটে চট্টগ্রাম সিটি করপোরেশনের এ সফর প্রস্তাবকে অপ্রয়োজনীয় বলে মনে করেছেন প্রধানমন্ত্রী।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.