চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন: ৪৮ ঘণ্টায় মূল আসামি সবুজ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকায় চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় এক যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে অন্যতম আসামি মোঃ সবুজ (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-৯, সিলেটের যৌথ অভিযানে তাকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকা থেকে আটক করা হয়।

ভুক্তভোগী মোঃ মিনহাজ বাকলিয়া থানার মাস্টারপুল এলাকার বাসিন্দা এবং পেশায় কাপড়ের দোকানের কর্মচারী। গত ৬ এপ্রিল সকাল ১১টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে কোতোয়ালী থানাধীন কোরবানীগঞ্জ এলাকায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার দুই হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয় এবং ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর ভুক্তভোগীর বোন বাদী হয়ে কোতোয়ালী থানায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানার ইমামপাড়া এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি সবুজকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.