সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ-এর গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলায় তাকে আটক করে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ চলছে। দুপুরে তাকে আদালতে তোলা হবে। তবে তার রিমান্ড চাওয়া হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন জানান, রাজধানীর উত্তরা ও বনানীসহ রংপুর থানায় করা জুলাই-সংশ্লিষ্ট একাধিক মামলায় তার নাম রয়েছে। এসব মামলার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষ নেতাদের অনেকেই আত্মগোপনে চলে যান। এ সময় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের কেউ কেউ গ্রেপ্তার হলেও ড. শিরীন শারমিন চৌধুরী প্রকাশ্যে আসেননি। এমনকি গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন না।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.