ফটিকছড়িতে চুরির অভিযোগে সালিশে পিটিয়ে যুবক নিহত, আহত ১

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নে চুরির অভিযোগ তুলে গ্রাম্য সালিশে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বারমাসিয়া খন্দকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. নুরুল আবছার (৪০) এবং আহত ব্যক্তির নাম মো. রাসেল।

পুলিশ সূত্রে জানা গেছে, নুরুল আবছার ও রাসেলের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে স্থানীয়ভাবে একটি সালিশ বসানো হয়। সালিশ চলাকালে তাদের চোর হিসেবে অভিযুক্ত করে উত্তেজিত জনতা বেধড়ক মারধর করে।

একপর্যায়ে মারধরে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক নুরুল আবছারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাসেলকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, নিহত নুরুল আবছারের বিরুদ্ধে পূর্বেও এলাকায় চুরির অভিযোগ ছিল এবং আহত রাসেলের বিরুদ্ধেও একটি মামলা রয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.