পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৬ হাজার লিটার ডিজেলসহ ১২ পাচারকারী আটক, মানবপাচার পরিকল্পনা নস্যাৎ
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেল ও গ্যাস সিলিন্ডারসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (০৪ এপ্রিল ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একইদিন সকাল ৬টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল, ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার এবং নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা জব্দ করা হয়।
অভিযানে পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৪ জন বাঙালি ও ৮ জন রোহিঙ্গাসহ মোট ১২ জন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্রে আরও জানা যায়, আটককৃত বোটটি ব্যবহার করে মানবপাচারকারীরা আনুমানিক ১৫০ থেকে ২০০ জনকে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল। তবে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও সফল অভিযানের ফলে সেই অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে।
জব্দকৃত মালামাল ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পাচার ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ব্রিফিং প্রদান করেন লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির মাহমুদ (ই), ইঞ্জিনিয়ার অফিসার, বিসিজিএস তাজউদ্দিন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.