জ্বালানি তেলের দাম বাড়তে পারে : কেইপিজেডে সিআইইউ স্কলারশিপ অ্যাওয়ার্ডে : —অর্থমন্ত্রীর ইঙ্গিত
চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড (কেইপিজেড)-এ চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-এর একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে তেলের দাম শতভাগ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, তবে বাংলাদেশে এখনো দাম বাড়ানো হয়নি। তবে আন্তর্জাতিক বাজার থেকে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করতে হওয়ায় শিগগিরই তেলের দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এর ফলে মূল্যস্ফীতির ওপর প্রভাব পড়তে পারে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইয়ংওয়ান কর্পোরেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কিহাক সুং, সিআইইউর বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান লুৎফি এম আইয়ুব, সদস্য সৈয়দ মাহমুদুল হক এবং উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। স্বাগত বক্তব্য দেন কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক কর্ণেল (অব.) মোহাম্মদ শাহজাহান।
অর্থমন্ত্রী তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এ ধরনের স্কলারশিপ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকা উচিত। এতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণ সহজ হবে এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে ইয়ংওয়ান কর্পোরেশন ও চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় শিক্ষার্থীদের জন্য বাৎসরিক স্কলারশিপ হিসেবে ১ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা প্রদান করা হয়। এ বছরের জন্য বিশেষ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ১৬ জন শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেওয়া হয়েছে।
স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা নির্ধারিত সিজিপিএ বজায় রাখতে পারলে পুরো আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে শতভাগ টিউশন ফি মওকুফসহ বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাবেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.