চিটাগাং চেম্বারের নির্বাচন আবারও স্থগিত, অনির্দিষ্টতায় ভোট

শতবর্ষী বাণিজ্য সংগঠন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠেয় নির্বাচন স্থগিত করা হয়েছে।

চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চেম্বারের নির্বাচন বোর্ড ‘৩ মার্চ ২০২৬ তারিখের ০৫.৪২.২০০০.০১১.৯৯.০১৫.২৫.১৪৪ সংখ্যক স্মারকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে নির্ধারিত ৪ এপ্রিল ২০২৬ তারিখের ভোট গ্রহণ কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করেছে।’ বৃহস্পতিবার (২ এপ্রিল) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম স্বাক্ষরিত এ সিদ্ধান্ত জানানো হয়।

সূত্র জানায়, গত ৫ আগস্টের পর স্বৈরশাসন ও পরিবারতন্ত্র থেকে চেম্বারকে মুক্ত করার দাবিতে সাধারণ ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে চেম্বারের প্রেসিডিয়াম ও পরিচালকেরা পদত্যাগ করেন। পরবর্তীতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।

এরপর গত ১১ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের (বাণিজ্য সংগঠন-১) গঠিত নির্বাচন বোর্ড ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের পরিচালকমণ্ডলীর নির্বাচনের তফসিল ঘোষণা করে। প্রাথমিকভাবে গত ১ নভেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলেও মামলা, রিট ও আইনি জটিলতার কারণে একাধিকবার তা পরিবর্তিত হয়।

সর্বশেষ ৪ এপ্রিল নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছিল। ইতোমধ্যে দুটি শক্তিশালী প্যানেল মনোনয়নপত্র জমা দিয়ে প্রচারণাও চালায়। তবে নতুন করে নির্বাচন স্থগিত হওয়ায় চেম্বারের নির্বাচন নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.