ভূমি ভবনের সেবা কার্যক্রমে সন্তুষ্টি যাচাইয়ে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন
রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তা মোড়ে অবস্থিত ‘ভূমি ভবন’ পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
বুধবার সকালে তিনি ভূমি ভবনে উপস্থিত হয়ে সরাসরি নাগরিকদের সেবা প্রদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় প্রতিমন্ত্রী ভবনের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং ডিজিটাল ও ম্যানুয়াল পদ্ধতিতে কীভাবে সেবা দেওয়া হচ্ছে, তা নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে এস.এ. খতিয়ান, আর.এস. খতিয়ান, নামজারি খতিয়ান এবং মৌজা ম্যাপ সংগ্রহে আসা সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের কাছ থেকে সেবার মান, গতি এবং কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না—সে বিষয়ে বিস্তারিত জানতে চান।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। সাধারণ মানুষ যেন ভূমি সংক্রান্ত সেবা পেতে কোনো হয়রানির শিকার না হয় এবং দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন তিনি।
তিনি আরও বলেন, প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে আধুনিক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁর একান্ত সচিবসহ ভূমি ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.