জঙ্গল সলিমপুরে সন্ত্রাস দমনে কঠোর অবস্থান, নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান জেলা প্রশাসকের
চট্টগ্রামের জঙ্গল সলিমপুর ও আলী নগর এলাকায় সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সলিমপুরের এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্প ও আলী নগরের র্যাব ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, “আমরা আমাদের সন্তানদের সুশিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া যাবে না। কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিতে হবে।”
তিনি আরও বলেন, সলিমপুরকে একটি আদর্শ নগর হিসেবে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। অতীতে কিছু সন্ত্রাসী গোষ্ঠী এলাকায় পাহাড় কেটে পরিবেশ ধ্বংস এবং অস্ত্র ও মাদকের ব্যবসা চালিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল বলেও উল্লেখ করেন তিনি।
জেলা প্রশাসক জানান, ২০২১ ও ২০২২ সালে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী হামলার শিকার হয় এবং ১৯ জানুয়ারি এক অভিযানে একজন র্যাব সদস্য নিহত হন। পরবর্তীতে প্রায় ৪ হাজার সদস্যের সমন্বয়ে বড় ধরনের অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে ৯ মার্চ থেকে এলাকায় পুলিশ ও র্যাবের অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পে দায়িত্বরত সদস্যদের বিভিন্ন সমস্যার কথা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।
পরিদর্শনকালে তিনি ক্যাম্পে অবস্থানরত সদস্যদের উদ্দেশে বলেন, “দেশ ও জনগণের জন্য আপনারা কাজ করছেন। সাময়িক কষ্ট সহ্য করুন, স্থায়ী অবকাঠামো নির্মাণ হলে পরিস্থিতি উন্নত হবে।”
এসময় এলাকার অবকাঠামোগত উন্নয়ন নিয়েও কথা বলেন জেলা প্রশাসক। তিনি জানান, এলাকার সড়কগুলোর বেহাল অবস্থা দ্রুত মেরামতের জন্য এলজিইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। পানি ও স্যানিটেশন সমস্যার সমাধান হয়েছে এবং প্রয়োজনীয় তাঁবুও সরবরাহ করা হয়েছে।
তিনি আশ্বাস দিয়ে বলেন, “এলাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে, যা দ্রুত বাস্তবায়ন করা হবে।”
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.