সীতাকুণ্ডে ২৫ হাজার লিটার অবৈধ তেল জব্দ, কঠোর অবস্থানে জেলা প্রশাসন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা প্রায় ২৫ হাজার লিটার তেল জব্দ করেছে জেলা প্রশাসন।

সোমবার (৩০ মার্চ) বিকেল থেকে পরিচালিত এই অভিযানে তিনটি বড় ট্যাংকারে বিপুল পরিমাণ তেলের মজুতের সন্ধান পাওয়া যায়। এসব ট্যাংকার থেকে ড্রামে ভরে খোলা বাজারে তেল বিক্রি করা হচ্ছিল বলে জানা গেছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দেশে বর্তমানে তেলের কোনো প্রকৃত সংকট নেই। তবে সাধারণ মানুষের মধ্যে অতিরিক্ত তেল মজুতের প্রবণতা তৈরি হওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগ কাজে লাগাচ্ছে।

তিনি আরও বলেন, “অতিরিক্ত মুনাফার আশায় তেল আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। যারা সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

জেলা প্রশাসক জানান, দেশে পর্যাপ্ত পরিমাণ অকটেন, পেট্রোল ও ডিজেলের মজুত রয়েছে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসন কঠোরভাবে কাজ করছে।

জানা গেছে, চট্টগ্রামে তেলের অবৈধ মজুতের বিরুদ্ধে ইতোমধ্যে প্রায় ৯৮টি মামলা করা হয়েছে। তবে ফৌজদারহাটের এই অভিযানে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অসাধু মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.