বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

বর্ণবাদ নির্মূল, সাম্য প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদা সমুন্নত রাখতে বৈশ্বিক উদ্যোগ আরও জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক বর্ণবাদ নির্মূল দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক স্মারক সভায় এ আহ্বান জানান।

সভায় ড. রহমান বর্ণবাদ ও জাতিগত বৈষম্যবিরোধী আন্তর্জাতিক কনভেনশনসমূহে বাংলাদেশের অঙ্গীকারের বিষয়টি তুলে ধরে বলেন, এসব ক্ষেত্রে দেশটি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি রাখাইন ও গাজায় চলমান বর্ণবাদমূলক নিপীড়নের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনার লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো অনেক পিছিয়ে রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বিশ্বব্যাপী অভিবাসী শ্রমিকদের বঞ্চনা, শোষণ এবং ন্যায়বিচারে সীমিত প্রবেশাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি জাতিসংঘের মূল আদর্শের পরিপন্থী এবং তা দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, মানবাধিকার, সমতা ও মর্যাদা রক্ষায় দেশটি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং মানবাধিকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

ড. খলিলুর রহমান বর্ণবাদমুক্ত বিশ্ব গড়তে শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি, অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধ এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.