হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে সরকার–জাপান বৈঠক

ঢাকায় আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাপানের প্রতিনিধিদলের সাথে সরকারের উচ্চপর্যায়ের এ বৈঠকে তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে জাপানের পক্ষ থেকে উপস্থাপিত প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল বিমানবন্দরের Embarkation Fee, Upfront Fee এবং Revenue Share সংক্রান্ত বিষয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা) বলেন, যাত্রীসাধারণের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে স্বল্প সময়ের মধ্যেই তৃতীয় টার্মিনালটি উদ্বোধনের লক্ষ্যে সরকার কাজ করছে।

এ সময় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জাপানের পক্ষ থেকে দ্রুত একটি সংশোধিত প্রস্তাব পুনরায় জমা দেওয়ার আহ্বান জানান। এছাড়া আগামী মার্চ মাসের শেষ দিকে এ বিষয়ে পুনরায় সভা আয়োজনের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাপানের প্রতিনিধিদলে বাংলাদেশে জাপান দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স তাকাহাশি নাওকি এবং জাপানের মন্ত্রণালয় অব ল্যান্ড, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ট্যুরিজমের সহকারী ভাইস মিনিস্টার রিয়েকো নাকায়ামাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.