নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী–অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের যুগান্তকারী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, আগামী মঙ্গলবার  সকাল ১০টায় রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ও বাস্তবায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা সরকারের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্যেই দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় অর্থনৈতিক সুবিধা পৌঁছে দিতে পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রথম পর্যায়ে সবচেয়ে পিছিয়ে পড়া হতদরিদ্র পরিবারের নারী প্রধানদের এ কর্মসূচির আওতায় আনা হবে। পর্যায়ক্রমে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের নারী প্রধানদের কাছেও এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

অর্থমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ভাতা কর্মসূচির ক্ষেত্রে অনেক সময় বিতরণ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ থাকে। তবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে কোনো ধরনের রাজনৈতিককরণ বা দুর্নীতির সুযোগ থাকবে না। স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে এ কর্মসূচি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

সংবাদ সম্মেলনে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ও বাস্তবায়ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদমর্যাদার দায়িত্বপ্রাপ্ত রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।

এছাড়া অর্থ মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.