অর্থমন্ত্রী আমীর খসরুর সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা
বাংলাদেশের অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
রোববার (৮ মার্চ) দুপুরে অর্থমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু রয়েছে এবং সেসব বিষয় নিয়েই ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে চলমান বিভিন্ন বড় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে প্রকল্প বাস্তবায়নের পথে যে সব সমস্যা রয়েছে, সেগুলো কীভাবে সমাধান করা যায় তা নিয়েও মতবিনিময় হয়েছে।
প্রণয় ভার্মা আরও বলেন, স্থলবন্দর ব্যবহার করে পণ্য আমদানিতে থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে আগ্রহী ভারত। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশের জন্য প্রতিশ্রুত এলওসি (লাইন অব ক্রেডিট)–এর অর্থ ছাড়ের বিষয়েও ইতিবাচক সাড়া দেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে এ আলোচনা সহায়ক ভূমিকা রাখবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.