সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আটক ৯ মাদক পাচারকারী

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ ১২ হাজার টাকা মূল্যের ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ৯ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার (৭ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি আভিযানিক দল ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হন। আটক বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লক্ষ ১২ হাজার টাকা মূল্যের ১০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত ৯ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.