হরমুজ প্রণালি পেরিয়ে ১২ জাহাজ চট্টগ্রাম বন্দরে, পথে আরও ৩টি

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালি অতিক্রম করে বাংলাদেশমুখী ১৫টি পণ্যবাহী জাহাজের মধ্যে ১২টি ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাকি তিনটি জাহাজ চলতি সপ্তাহের মধ্যে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, জাহাজগুলোর মধ্যে চারটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), দুটিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং নয়টিতে সিমেন্টশিল্পের কাঁচামাল ক্লিংকার রয়েছে। সব মিলিয়ে প্রায় সাড়ে সাত লাখ টন পণ্য বহন করছে এসব জাহাজ।

বন্দর সূত্রে আরও জানা যায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগেই জাহাজগুলো হরমুজ প্রণালি ও ওমান উপসাগর অতিক্রম করে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। বর্তমানে ১২টি জাহাজ নিরাপদে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এবং বাকি তিনটি জাহাজ পথে রয়েছে।

এলএনজিবাহী জাহাজগুলোর স্থানীয় প্রতিনিধি ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেডের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম বলেন, চারটি এলএনজিবাহী জাহাজের চট্টগ্রাম বন্দরে পৌঁছানো প্রায় নিশ্চিত। তবে ‘লিবারেল’ নামে আরও একটি এলএনজিবাহী জাহাজ এখনো হরমুজ প্রণালির ভেতরে অবস্থান করছে এবং প্রণালি অতিক্রমের অপেক্ষায় রয়েছে। ফলে পরবর্তী চালান নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর তেহরানের পাল্টা প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা তৈরি হয়। এর ফলে বিশ্বজুড়ে তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ ঝুঁকির মুখে পড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.