অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল
সমাজের অপরাধ দমনে বর্তমান সরকার সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’ নীতিতে অঙ্গীকারবদ্ধ বলে ঘোষণা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
গতকাল চট্টগ্রামে ‘পবিত্র মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, চাঁদাবাজি ও দখলবাজি রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। অপরাধে জড়িত থাকলে দলীয় নেতা-কর্মীদেরও ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, বিপুল জনরায় নিয়ে গঠিত সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ ও শান্তিময় জাতি গঠনে কাজ করে যাচ্ছে।
একই দিনে হাটহাজারীতে আয়োজিত আরেকটি ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, স্বাধীন বাংলাদেশে সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে এবং অন্যের ধর্মের ওপর আঘাত না করে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
হাটহাজারীকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। উন্নয়ন প্রসঙ্গে মীর হেলাল জানান, চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনের রাস্তাঘাট মেরামতসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি প্রকল্পের ‘লাইভ আপডেট’ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি জনগণের যেকোনো অভিযোগ বা অনুযোগ সরাসরি জানানোর সুযোগ রয়েছে বলেও তিনি জানান।
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান।
অন্যদিকে হাটহাজারী উপজেলায় আয়োজিত ইফতার মাহফিলে উপজেলা হেফাজতের সভাপতি আল্লামা মুফতি মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে হেফাজতের নায়েবে আমির মুফতি জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.