সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিল মেল্টিং কারখানায় ডাকাত দলের হামলা, আহত ৪

চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড কারখানায় লুটতরাজের উদ্দেশ্যে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানার অন্তত ৩ থেকে ৪ জন কর্মচারী আহত হয়েছেন এবং কারখানার বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে।

কারখানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কারখানার দক্ষিণ পাশ দিয়ে কমপক্ষে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল হঠাৎ করে আক্রমণ চালায়। এ সময় কারখানার সিকিউরিটি কর্মী, আনসার সদস্য ও কর্মচারীরা সম্মিলিতভাবে তাদের প্রতিহত করার চেষ্টা করেন। প্রতিহত হওয়ার পর ডাকাতরা দক্ষিণ পাশ দিয়ে সরে গিয়ে রেললাইনে অবস্থান নেয়।

পরবর্তীতে রেললাইন থেকে পাথর নিক্ষেপ করতে করতে তারা কারখানার প্রধান ফটকের দিকে অগ্রসর হয় এবং সিকিউরিটি গেইট, অফিস রুমসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা কারখানার ভেতরে প্রবেশের চেষ্টা করলে কর্মকর্তা-কর্মচারী ও আনসার সদস্যরা পুনরায় প্রতিরোধ গড়ে তোলেন। এতে উভয়পক্ষের ধস্তাধস্তির মধ্যে কারখানার কয়েকজন কর্মচারী আহত হন।

ঘটনার সময় কারখানা কর্তৃপক্ষ স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতা কামনা করলে তারা ঘটনাস্থলে এসে ডাকাত দলকে প্রতিহত করতে সহায়তা করেন। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

পুলিশ ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য কাজ করছে বলে জানা গেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.