জিয়াউর রহমান ও খালেদা জিয়া’র প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন আলহাজ্ব আবু সুফিয়ান

মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া’র মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মাজার জিয়ারত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
জিয়ারত শেষে আবু সুফিয়ান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক। আর দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শই আমাদের রাজনীতির সাহস ও অনুপ্রেরণার উৎস। আগামী দিনে তাঁদের দেখানো পথ অনুসরণ করেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের প্রত্যাশিত সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের চিফ কোঅর্ডিনেটর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য খোরশেদুল আলম, আনোয়ার হোসেন লিপু, ইসমাঈল বালি, আব্দুল মান্নান, মনোয়ারা বেগম মনি, আব্দুল আজিজ, নকিব উদ্দিন ভুইয়া, গিয়াস উদ্দিন ভুইয়া সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তুমি এটাও পছন্দ করতে পারো

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.