সাতকানিয়ায় কলেজছাত্রীর রহস্যজনক মৃ-ত্যু, আত্ম-হত্যা নাকি হত্যা—তদন্তে পুলিশ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় আতিয়া ইদনাত চৌধুরী জয়িতা (১৭) নামের এক কলেজছাত্রীর রহস্যজনক মৃ/ত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার উত্তর বাজালিয়া গ্রামের আবু বক্কর মেম্বারের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জয়িতা ওই এলাকার আবু বোরহান মো. জাহাঙ্গীর চৌধুরীর মেয়ে এবং সাতকানিয়া সরকারি কলেজ-এর একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
জয়িতার খালা রুনু আরা চৌধুরী জানান, তার বাবা-মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও মামলা চলছিল। দুই মাস আগে জয়িতাকে মায়ের কাছ থেকে বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে সৎ মা ও বাবার পক্ষ থেকে তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মৃত্যুর আগে লেখা জয়িতার একটি ডায়েরিতে নির্যাতনের বিষয় উল্লেখ রয়েছে বলেও দাবি পরিবারের। তাদের অভিযোগ, ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচার করা হলেও বিষয়টি নিয়ে তাদের সন্দেহ রয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন দেখা গেছে বলেও জানান স্বজনরা।
এ বিষয়ে সাতকানিয়া থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা নাকি অন্য কিছু—তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.