চট্টগ্রামে বাসে বিশেষ কায়দায় লুকানো ৮ কেজি হেরোইন ও ১৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

চট্টগ্রামে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগের একটি দল জানতে পারে, কক্সবাজার থেকে একটি হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসে করে ইয়াবা ও হেরোইন চট্টগ্রামের দিকে আনা হচ্ছে।

এরপর কর্ণফুলী থানাধীন পটিয়া ক্রসিং এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে সন্দেহভাজন বাসটিকে থামার সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে শহরের দিকে পালানোর চেষ্টা করে। পরে ডিবি পুলিশ ধাওয়া দিয়ে বাসটিকে আটক করে।

আটকের পর যাত্রীদের সামনে বাসটি তল্লাশি চালিয়ে পেছনের অংশে বডির নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৮টি প্যাকেটে মোট ৮ কেজি হেরোইন এবং ৭০টি প্যাকেটে মোট ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৮ কোটি টাকা এবং ইয়াবার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানানো হয়েছে।

আটকরা হলেন— মোঃ আলী হোসাইন প্রকাশ আলী হোসেন (৪২), মোঃ আজিম (৪০) ও মুহাম্মদ রাশেল (৪৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, কক্সবাজার থেকে অজ্ঞাত ব্যক্তিদের কাছ থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম হয়ে ঢাকায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া, আটক আলী হোসাইনের বিরুদ্ধে পূর্বে ঢাকার হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে বলেও জানা গেছে।