যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহে নতুন পরিমাণ নির্ধারণ করল সরকার

ঢাকা, ৬ মার্চ:
জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে যানবাহনভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত নতুন নির্দেশনা অনুযায়ী দৈনিক ট্রিপ প্রতি মোটরসাইকেলে ২ লিটার অকটেন বা পেট্রোল সরবরাহ করা যাবে। প্রাইভেটকারে ১০ লিটার এবং মাইক্রোবাস, এসইউভি ও জিপে ২০ থেকে ২৫ লিটার পর্যন্ত অকটেন বা পেট্রোল দেওয়া হবে।

অন্যদিকে ডিজেলচালিত যানবাহনের ক্ষেত্রে পিকআপ ও লোকাল বাসে দৈনিক ট্রিপ প্রতি ৭০ থেকে ৮০ লিটার ডিজেল সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও কনটেইনার ট্রাকে ২০০ থেকে ২২০ লিটার পর্যন্ত ডিজেল সরবরাহ করা যাবে।

মন্ত্রণালয় জানিয়েছে, দেশে জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।