ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী ও অসহায় মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম।
বন্যাকবলিত বিভিন্ন এলাকায় গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, ভোজ্যতেল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় দক্ষিণ জেলা ছাত্রদল ও স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা ত্রাণ বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।
ত্রাণ বিতরণকালে তৌহিদুল ইসলাম বলেন, “দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে এলে বন্যাদুর্গত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।”
তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি তিনি জানান, বন্যাদুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ বিতরণের পাশাপাশি দ্রুত পুনর্বাসন কার্যক্রম জোরদার করা প্রয়োজন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।