জঙ্গল সলিমপুরে পাহাড়ধস: মাটিচাপায় ১০ মাসের শিশুর মৃত্যু

চট্টগ্রাম: সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড়ধসে মাটিচাপা পড়ে আশরাফুল ইসলাম তানভীর নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা মাঈন উদ্দীনের ছেলে।

পুলিশ জানায়, টানা বর্ষণের কারণে পাহাড়ের পাদদেশে থাকা একটি বসতঘরের ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা তানভীর মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তর কুমার রাজবংশী জানান, সকালে পাহাড়ধসের ঘটনায় শিশুটির মৃত্যুর খবর পাওয়া যায়। তবে বিষয়টি পুলিশ জানার আগেই পরিবারের সদস্যরা ধর্মীয় রীতি অনুযায়ী শিশুটির দাফন সম্পন্ন করেন।

এদিকে, টানা ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হলেও অনেক পরিবার এখনো ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে