শাহ আমানত বিমানবন্দরের দুবাই, শারজাহ ও দোহাগামীসহ একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রাম: মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের প্রেক্ষাপটে আকাশসীমা ও বিভিন্ন এয়ারফিল্ড বন্ধ ঘোষণা করায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও আগমনী একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্থানীয় সময় প্রাক-মধ্যাহ্নে এ পরিস্থিতির সৃষ্টি হলে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো নিরাপত্তাজনিত কারণে কয়েকটি নির্ধারিত ফ্লাইট বাতিল ঘোষণা করে।

বাতিল হওয়া বহির্গমণ ফ্লাইটসমূহ:

১. বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG-147 (ঢাকা–চট্টগ্রাম–দুবাই), চট্টগ্রাম থেকে ছাড়ার সম্ভাব্য সময় ছিল সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট।
২. বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG-151 (ঢাকা–চট্টগ্রাম–শারজাহ), চট্টগ্রাম থেকে ছাড়ার সম্ভাব্য সময় ছিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিট।
৩. ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট BS-333 (ঢাকা–চট্টগ্রাম–দোহা), চট্টগ্রাম থেকে ছাড়ার সম্ভাব্য সময় ছিল বিকাল ৫টা ২৫ মিনিট।

বাতিল হওয়া আগমনী ফ্লাইটসমূহ:

১. এয়ার আরাবিয়ার ফ্লাইট G9-520 (শারজাহ–চট্টগ্রাম), শারজাহ থেকে ছাড়ার সম্ভাব্য সময় ছিল বিকাল ৩টা ২০ মিনিট।
২. ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট BS-344 (দুবাই–চট্টগ্রাম), দুবাই থেকে ছাড়ার সম্ভাব্য সময় ছিল বিকাল ৩টা ১০ মিনিট।
৩. সালাম এয়ারের ফ্লাইট OV-403 (মাস্কাট–চট্টগ্রাম), মাস্কাট থেকে ছাড়ার সম্ভাব্য সময় ছিল সন্ধ্যা ৫টা ৪০ মিনিট।

তবে ব্যতিক্রম হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট BG-122 (মাস্কাট–চট্টগ্রাম–ঢাকা) ওমানের মাস্কাট থেকে স্থানীয় সময় বিকাল ৫টায় সফলভাবে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলেও সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চালু রাখতে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো কাজ করে যাচ্ছে। মধ্যপ্রাচ্যগামী ও সেখান থেকে আগত আন্তর্জাতিক ফ্লাইটের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে নতুন কোনো আপডেট পাওয়া গেলে তা যথাসময়ে জানানো হবে।

যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট এয়ারলাইনস বা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।