নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরস্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সৌজন্য সাক্ষাৎ করেছেন শফিকুর রহমান-এর সঙ্গে।
রোববার সন্ধ্যা সোয়া সাতটায় আগামী প্রধানমন্ত্রী তারেক রহমান দলের শীর্ষ নেতাদের নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে যান। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দল হলেও সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির বার্তা দেওয়ার চেষ্টা হিসেবে এ পদক্ষেপকে দেখা হচ্ছে।
বিএনপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, দলের চেয়ারম্যান প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াত আমিরের বাসায় যাবেন। সে অনুযায়ী রোববার সন্ধ্যায় সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। বিএনপির ফেসবুক পেইজে জানানো হয়, ত্রয়োদশ সংসদ নির্বাচন-পরবর্তী বাংলাদেশে ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবেই এ সৌজন্য সাক্ষাৎ।
জামায়াত আমিরের বাসায় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ অন্য নেতারা। এসময় জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।
দেশের বিবাদমান রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাওয়া দলের প্রধান নেতার প্রতিদ্বন্দ্বীর বাসায় যাওয়ার ঘটনা বিরল বলেই রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
এদিকে জামায়াত আমিরের বাসা থেকে বের হয়ে রাতেই নাহিদ ইসলাম-এর বাসায় যান তারেক রহমান।