চট্টগ্রামের লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে মো. আজিজুল হক (৫০) নামে এক উপ-পরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, রাতে কোনো একসময় স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সহকর্মীরা তাকে ফোনে না পেয়ে থানার কোয়ার্টারে তার কক্ষে যান। পরে নিজ বিছানায় তাকে মৃত অবস্থায় দেখতে পান।
মো. আজিজুল হক লোহাগাড়া থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকায়। তিনি মৃত আনোয়ারুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তার চাকরিজীবনের বয়স ছিল প্রায় ৩২ বছর। ব্যক্তিজীবনে তিনি দুই স্ত্রীর স্বামী ছিলেন। প্রথম সংসারে এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় সংসারে এক ছেলে সন্তান রয়েছে।
নিহতের স্ত্রী জেসমিন বেগম জানান, পুলিশ সদর দপ্তর থেকে তাকে আজিজুল হকের মৃত্যুর খবর জানানো হয়েছে। গত চার দিন ধরে তিনি বুকে ব্যথা, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসআই আজিজুল হক স্ট্রোকে মারা গেছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকও প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বলে জানিয়েছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের উপস্থিতিতে লোহাগাড়ায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ পুলিশ লাইনে নেওয়া হবে।