চট্টগ্রাম প্রেস ক্লাবের বারে বারে নির্বাচিত আপ্যায়ন সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক নেতা আইয়ুব আলী ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি সোমবার দিবাগত রাত আড়াইটার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত কয়েকদিন ধরে কিডনিতে পাথর জনিত কারণে অসুস্থ হয়ে পড়লে প্রথমে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর ফুসফুসে পানি জমে শ্বাস কষ্ট বেড়ে গেলে তাকে আইসিইউতে এবং ২ দফায় লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে মেট্রোপলিটন হাসপাতল থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে স্থানান্তর করা হয়। সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাংবাদিক নেতা আইয়ুব আলীর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ২ কন্যা, ১ ছেলে সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। তিনি বর্তমানে ডেইলি ইন্ডাষ্ট্রি পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চীফ হিসেবে দায়িত্ব পাল করছিলেন। এর আগে তিনি দৈনিক নয়া বাংলা, দৈনিক ইনকিলাব সহ বেশ কয়েকটি গনমাধ্যমে কাজ করেছেন। তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাংবাদিক হাউজিং সোসাইটির কর্মকর্তা ছিলেন।
আজ মঙ্গলবার বাদ জোহর পটিয়ার শোভনদন্ডী মল্লপাড়া জামে মসজিদ মাঠে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করাহবে।
এদিকে সাংবাদিক নেতা আইয়ুব আলীর মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এবং চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।