চট্টগ্রাম: জন্ম ও মৃত্যু নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ নাগরিকসেবা পেতে নগরবাসীকে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার করা যাবে না বলে নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, জন্ম নিবন্ধন একজন নাগরিকের আইনগত পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। এ সেবা দিতে অযৌক্তিক বিলম্ব, অতিরিক্ত অর্থ আদায় কিংবা নাগরিক হয়রানির কোনো সুযোগ নেই।
মঙ্গলবার (১৭ নভেম্বর) চসিক কার্যালয়ে জন্ম নিবন্ধন সহকারীদের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, চসিকের ৪১টি ওয়ার্ডের প্রতিটি জন্ম নিবন্ধন কার্যালয়কে নাগরিকবান্ধব সেবাকেন্দ্রে পরিণত করতে হবে। সামান্য ভুল সংশোধনের জন্য কোনো নাগরিককে যেন মাসের পর মাস অফিসে ঘুরতে না হয়। আবেদন অসম্পূর্ণ থাকলে শুরুতেই প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে স্পষ্টভাবে জানাতে হবে। একেক সময় একেকটি কাগজ চেয়ে নাগরিকদের বারবার অফিসে আসতে বাধ্য করা যাবে না।
তিনি আরও বলেন, নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় কিংবা দালালের মাধ্যমে সেবা নিতে কাউকে বাধ্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নাগরিকদের সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে এবং প্রতিটি আবেদন যথাসময়ে নিষ্পত্তি করতে হবে।
জন্ম নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে চসিক প্রশাসক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, পরীক্ষার নিবন্ধন, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, বিবাহ নিবন্ধন, চাকরি, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, জমি রেজিস্ট্রেশন ও ব্যাংক হিসাব খোলাসহ জীবনের নানা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হয়। একটি সনদ পেতে বিলম্ব হলে একজন নাগরিক একাধিক গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হতে পারেন।
তিনি বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধনের তথ্য দেওয়া উচিত। প্রথম ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনে কোনো সরকারি ফি লাগে না। এ বিষয়ে নাগরিকদের সচেতন করতে নিবন্ধন সহকারীদের আরও সক্রিয় হতে হবে।
মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, উত্তরাধিকার, সম্পত্তি হস্তান্তর, পেনশন, বিমা দাবি এবং বিভিন্ন প্রশাসনিক ও আইনি কার্যক্রমে মৃত্যু সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জন্ম নিবন্ধনের পাশাপাশি মৃত্যু নিবন্ধন কার্যক্রমকেও সমান গুরুত্ব দিতে হবে।
জন্ম নিবন্ধনে জালিয়াতি প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশ দিয়ে ডা. শাহাদাত বলেন, ভুয়া ঠিকানা, জাল কাগজপত্র কিংবা মিথ্যা পরিচয় ব্যবহার করে কোনো বিদেশি নাগরিক যাতে বাংলাদেশি হিসেবে জন্ম নিবন্ধন সনদ নিতে না পারেন, তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে রোহিঙ্গাদের পরিচয় গোপন করে নিবন্ধন নেওয়ার অপচেষ্টা প্রতিরোধে আবেদনকারীর পিতা-মাতার পরিচয়, জন্মস্থান, স্থায়ী ঠিকানা ও প্রয়োজনীয় প্রমাণপত্র যথাযথভাবে যাচাই করতে হবে। তবে আইনগতভাবে নিবন্ধনের যোগ্য কোনো নাগরিক যেন অযথা হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে মিথ্যা তথ্য প্রদান কিংবা জেনেশুনে মিথ্যা তথ্যের ভিত্তিতে নিবন্ধনের ক্ষেত্রে সর্বোচ্চ এক বছর বিনাশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। নিবন্ধন কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কেউ জেনেশুনে মিথ্যা তথ্য অন্তর্ভুক্ত করলে বা জালিয়াতিতে সহযোগিতা করলে তাঁর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে সততা, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্যের কাছে হস্তান্তর করা যাবে না। অননুমোদিত কাউকে নিবন্ধন সফটওয়্যার ব্যবহারের সুযোগও দেওয়া যাবে না।
প্রশিক্ষণ কর্মসূচিতে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, উপসচিব মইনুল হোসেন চৌধুরী এবং প্রশাসকের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) ও জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ বক্তব্য দেন।