কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় কোস্ট গার্ডের পৃথক তিনটি অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ ও ৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ক্রিস্টাল মেথের দুটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত টেকনাফের জালিয়ার দ্বীপ ও জালিয়াপাড়া সংলগ্ন এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও শাহপরী।
অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা জালিয়ার দ্বীপ সংলগ্ন প্যারাবন ও জালিয়াপাড়া সংলগ্ন কেওড়া বনে কাঠের দুটি বোট বিচিং করে পালিয়ে যায়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, এসব মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উখিয়া উপজেলার পালংখালী পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের আরেকটি অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।
জব্দ করা মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।