কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৩৫ বস্তা সারসহ একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সোয়া ১টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর দমদমিয়া বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মধ্য দমদমিয়া পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, দমদমিয়া জামে মসজিদ সংলগ্ন খাল দিয়ে নৌকাযোগে সারগুলো মিয়ানমারে পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নৌকা ও সার ফেলে পাশের পাহাড়ের দিকে পালিয়ে যায়।
পরে জব্দ করা সার দমদমিয়া বিওপিতে নেওয়া হয়। সেখানে টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তার উপস্থিতিতে সারগুলো পর্যবেক্ষণ করা হয়।
বিজিবি আরও জানায়, কৃষি অধিদপ্তরের প্রচলিত আইন ও বিধি অনুযায়ী রাষ্ট্রীয় কোষাগারে যথাযথ মূল্য জমা দেওয়ার পর জব্দকৃত সার লাইসেন্সধারী সার ডিলারের কাছে হস্তান্তর করা হয়েছে।