প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, ‘সাক্ষাতের অপেক্ষায়’

শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এসব কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি জানিয়েছেন।

চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো চিঠি তিনি পেয়েছেন এবং এ সিদ্ধান্তের প্রশংসা করেন। তিনি আশ্বস্ত করেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, তিনি এ বিষয়টি ভুলবেন না।

চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘অদূর ভবিষ্যতে আপনার সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি।’

বাংলাদেশের জনগণের উদ্দেশে উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ট্রাম্প বলেন, বাংলাদেশের জনগণ অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে গেছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ এবং দেশটির সামনে একটি অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।