সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর ব্যাগ টান, প্রাণ গেল প্রধান শিক্ষিকার

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর ব্যাগ টান দেওয়ার ঘটনায় রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মোসা. রনজিনা পারভীন নামে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে।

নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চোখের চিকিৎসার জন্য শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নামার পর রিকশাযোগে ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি।

পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে হেঁচকা টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে যান তিনি। পরে মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

তিনি বলেন, “আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। আশা করছি, খুব শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব।”

ঘটনার পর ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।