স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম বাড়ার পর দেশের বাজারেও সোনা ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দর মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হয়েছে।
মঙ্গলবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন দর জানানো হয়।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯১৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭০০ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৮ আগস্ট ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। একই সময়ে ২১ ক্যারেটের দাম ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৫৫৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ২ হাজার ৯৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার ৮৪৮ টাকা করা হয়েছিল।
বেড়েছে রুপার দামও
সোনার পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৮৪০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরে ১০১ বার সোনার দাম সমন্বয়
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০১ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫১ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৫০ দফা কমানো হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।
চলতি বছরের ২৯ জানুয়ারি ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম একবারে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়েছিল। এটিই এখন পর্যন্ত দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম।