আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ক্ষতিগ্রস্ত এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল)-এ বর্তমানে ফ্রিজিং কার্যক্রম চলছে। এ প্রক্রিয়া শেষ হলে বিকেল থেকেই গ্যাস সঞ্চালন শুরু হবে। ফলে গ্যাসের অভাবে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো পুনরায় চালু করা সম্ভব হবে। তবে সারাদেশে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে।
ভূতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেকেই অতিরিক্ত বিলের অভিযোগ তুললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিতে আসেন না। তবে যেসব অভিযোগ পাওয়া যাচ্ছে, সেগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে এদিন একটি রুটিন বৈঠক হয়েছে। প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে আরও বেশি পরিমাণে ডিজেল সরবরাহের বিষয়েও অনুরোধ জানানো হয়েছে।
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, “শেখ হাসিনা সম্পর্কে কিছু বলতে চাই না। উনি অনেক কিছুই বলেন। দেশকে ধ্বংস করে দিয়ে গেছেন।”