ঢাকা: বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম দায়িত্ব গ্রহণের পর রাজধানীর ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি গত ২৩ জুলাই নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পরদিন শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পরে নৌসদর দপ্তরে পৌঁছালে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে নৌবাহিনীর একটি সুসজ্জিত দল আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় নৌসদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সদর দপ্তরে পৌঁছালে প্রিন্সিপাল স্টাফ অফিসাররা তাকে স্বাগত জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিশাল সমুদ্রসীমা ও সুনীল অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীকে একটি শক্তিশালী ও আধুনিক ব্লু ওয়াটার নেভি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান। এ লক্ষ্য অর্জনে আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, অত্যাধুনিক সোনার ও রাডার সিস্টেমসহ আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।