চট্টগ্রাম: টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ও দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে নগরীর বায়েজিদ থানাধীন ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার মোহাম্মদ নগর চত্বরে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোহাম্মদ এরশাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া।
প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান জিয়া বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে মানুষের দুর্ভোগ লাঘবে চসিক ধারাবাহিকভাবে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছে। মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি সামাজিক ও নৈতিক অঙ্গীকার।
তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘব করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-শ্রমবিষয়ক সম্পাদক আবু মুছা, ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আবদুল বাতেন, ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, আকবর হোসেন, রহুল আমীন, মোহাম্মদ হক বাবুলসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল তুলে দেওয়া হয়। এ সময় উপকারভোগীরা দুর্যোগের সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য মেয়র ডা. শাহাদাত হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।