রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যে বিদেশ সফর সংক্ষিপ্ত করে শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
এর আগে, গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকক যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল। তবে সফর সংক্ষিপ্ত করে তিনি দুই দিন আগেই ফিরছেন।
এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত অথবা রাষ্ট্রপতি পুনরায় দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
সংবিধানে আরও বলা হয়েছে, পদত্যাগের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “শুক্রবার পর্যন্ত অপেক্ষা করেন।”