গণভোট হারাম হলে সংসদ নির্বাচনও হারাম: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “যদি গণভোট হারাম হয়, তাহলে সংসদ নির্বাচনও হারাম।” তিনি জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে বলেন, জনগণের মতামতকে অবমূল্যায়ন করা উচিত নয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-১০ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে এ জনসভার আয়োজন করা হয়।

ডা. শফিকুর রহমান বলেন, “জনগণের রায়কে অপমানিত করবেন না। জনগণের মুখোমুখি হলে জনগণ কাউকে ছেড়ে কথা বলবে না।”

তিনি আরও বলেন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা দিতে হবে। একই সঙ্গে জুলাইয়ে আহতদের যথাযথভাবে সম্মানিত করার আহ্বান জানান তিনি।

জামায়াত আমির বলেন, “অন্তত নিজেদের কর্মী ও গুম হওয়া পরিবারগুলোর কথা বিবেচনা করে জুলাই গণহত্যার বিচার করুন।”

এ সময় তিনি বলেন, মিরপুরের বিভিন্ন স্থাপনা ও সড়কের নাম জুলাইয়ের শহীদদের নামে করার উদ্যোগ নেওয়া উচিত। তিনি বলেন, “যদি বর্তমান সরকার এটি না করে, তাহলে আমরা ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ তা করব।”

জনসভায় রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে এবং হকার সমস্যা সমাধানে সরকারের কার্যকর হস্তক্ষেপও কামনা করেন ডা. শফিকুর রহমান।