শহীদদের রক্তের ঋণ শোধে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: চসিক মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জুলাই গণআন্দোলনের শহীদ ওয়াসিম আকরাম ও আবু সাঈদ সাহস, ত্যাগ ও দেশপ্রেমের প্রতীক। তাদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে ন্যায়, সাম্য, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে।

সোমবার (২০ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম, শহীদ আবু সাঈদসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল, এতিমদের মাঝে খাদ্য বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, শহীদদের স্মৃতি শুধু স্মরণ করলেই হবে না, তাদের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। ইতিহাস বিকৃতির কোনো সুযোগ নেই। আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে, যাতে তারা দেশপ্রেম, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার চেতনায় উদ্বুদ্ধ হতে পারে।

ডা. শাহাদাত হোসেন বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়। এটি গত ১৬ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের ফল। এ আন্দোলনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবীরা অংশ নিয়েছেন এবং সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরাই।

তিনি আরও বলেন, ওয়াসিম আকরামসহ সকল শহীদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। তাদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র ও স্বাধীনতার স্বপ্ন জাতি দেখেছে, তা বাস্তবায়ন করাই হবে সবার দায়িত্ব। একই সঙ্গে শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং সমাজের অসহায় মানুষের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, শহীদ ওয়াসিম আকরাম সরকারি চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং ফ্যাসিবাদের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একজন রাজনৈতিক কর্মী হিসেবে অংশ নিয়েছিলেন। তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান বলেন, শহীদ ওয়াসিম আকরাম নিজের রক্ত দিয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস লিখে গেছেন। দেশের মানুষের মনে গণতান্ত্রিক চেতনা যতদিন থাকবে, ততদিন তিনি অমর হয়ে থাকবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি এবং শহীদ ওয়াসিম আকরামের পিতা শফিউল আলম। এছাড়া মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাবেক ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।