বন্যার্তদের সহায়তায় চট্টগ্রাম নগর বিএনপির ৫০ লাখ টাকার প্রাণ তহবিল গঠনের উদ্যোগ —আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি

সাম্প্রতিক অতিভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ কার্যক্রম আরও বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির ত্রাণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সদস্য সচিব ও ত্রাণ কমিটির আহ্বায়ক নাজিমুর রহমান। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

সভায় এরশাদ উল্লাহ বলেন, বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। তিনি মহানগর বিএনপির নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের ত্রাণ তহবিলে সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, সবার সম্মিলিত উদ্যোগে আরও বেশি সংখ্যক অসহায় ও বন্যাকবলিত মানুষের কাছে ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি জানান, জরুরি ত্রাণ সহায়তার পাশাপাশি বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমেও বিএনপি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবে।

সভায় বন্যাদুর্গত মানুষের জন্য গঠিত ত্রাণ তহবিলে নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা অনুদান প্রদান করেন। একই সঙ্গে ৫০ লাখ টাকার ত্রাণ তহবিল গঠনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, মহানগর বিএনপির আওতাধীন সব থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় ত্রাণ সংগ্রহ ও মানবিক সহায়তা কার্যক্রম জোরদার করবেন। পাশাপাশি দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের ত্রাণ তহবিলে সহযোগিতার আহ্বান জানানো হয়।

এছাড়া প্রতিদিন বিকেল ৪টা থেকে মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে ত্রাণ কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ উপস্থিত থেকে ত্রাণসামগ্রী ও আর্থিক অনুদান গ্রহণ করবেন এবং তা দ্রুত বন্যাদুর্গত ও অসহায় মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।

সভায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, আর ইউ চৌধুরী শাহীন, মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, শিহাব উদ্দিন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু, আহামেদুল আলম রাসেলসহ মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত ত্রাণ ও প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দিতে মহানগর বিএনপির আওতাধীন সব ইউনিটকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মানবিক এই কার্যক্রমকে আরও বিস্তৃত করতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তারা।