রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি ফ্ল্যাট আদালতের আদেশের আলোকে নিয়ন্ত্রণে নিয়ে সেখানে থাকা মালামালের তালিকা (ইনভেন্টরি) প্রস্তুতের কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৯ জুলাই) সকালে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে একটি দল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ফ্ল্যাট দুটিতে প্রবেশ করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ১৮ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট দুটির তালা ভেঙে ভেতরে থাকা আসবাবপত্র ও অন্যান্য মালামালের তালিকা প্রস্তুতের কাজ চলছে।
ফ্ল্যাট দুটি গুলশানের ৬৬ নম্বর সড়কের নর্থওয়েস্ট (বি) ব্লকের ১১ নম্বর প্লটে অবস্থিত। এর মধ্যে এ-৭ নম্বর ফ্ল্যাটের আয়তন ৩ হাজার ৭৪৭ বর্গফুট এবং বি-৭ নম্বর ফ্ল্যাটের আয়তন ৩ হাজার ৮৩২ বর্গফুট।
গত বছরের ১৮ নভেম্বর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ফ্ল্যাট দুটি ক্রোকের আদেশ দেন এবং দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালককে সেগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার দায়িত্ব দেন। তবে ফ্ল্যাটগুলো তালাবদ্ধ থাকায় সেখানে প্রবেশ সম্ভব হয়নি।
পরে দুদকের আবেদনের পর গত ২৯ এপ্রিল আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা খুলে ফ্ল্যাটে প্রবেশ এবং মালামালের তালিকা প্রস্তুতের অনুমতি দেন।
এছাড়া চলতি বছরের ১৩ জানুয়ারি দুদকের আবেদনের পর আদালত সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে থাকা ৩৩০টি বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ দেন।
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ দেশ ছেড়ে চলে যান।