চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে একটি বিআরটিসি বাসে আগুন দেয়।
সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উত্তর পাইন্দং এলাকার বাসিন্দা মুহাম্মদ শাহজাহান (৪৮) ও তাঁর ছেলে মুহাম্মদ আরিফ (১৮)।
নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক জানান, মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার সময় আমতল এলাকায় একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বিক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করে একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেন। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরিস্থিতি শান্ত করেন। এছাড়া সড়ক থেকে অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বাসটি শনাক্তে তদন্ত চলছে।