চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজন যাত্রীকে আটক করা হয়েছে।
সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন (এরাইভাল) হলে বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই, কাস্টমস ইন্টেলিজেন্স, এভিয়েশন সিকিউরিটি এবং বিমানবন্দর কাস্টমসের যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শারজাহ থেকে আগত এয়ার আরাবিয়ার ফ্লাইট G9-520-এর তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা হয়। একই সময়ে এরাইভাল হলের লাগেজ বেল্ট থেকে মালিকবিহীন অবস্থায় আরও একটি চালান উদ্ধার করা হয়।
অভিযানে তিন যাত্রীর ব্যাগেজ থেকে ১ হাজার ২ কার্টন এবং মালিকবিহীন অবস্থায় ৬৯৬ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। সব মিলিয়ে ১ হাজার ৬৯৮ কার্টন বিদেশি ব্র্যান্ডের (মন্ড ও ম্যানচেস্টার) সিগারেট জব্দ করা হয়েছে।
আটক যাত্রীরা হলেন—
মো. মোস্তফা কামাল সুমন, লক্ষ্মীপুরের রামগঞ্জের বাসিন্দা।
মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার, চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা।
মোহাম্মদ নাসির উদ্দীন তালুকদার, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা।
কাস্টমস সূত্রে জানা গেছে, উদ্ধার করা সিগারেটের বিপরীতে আনুমানিক ৩৩ লাখ ৯৬ হাজার টাকা রাজস্ব আদায়যোগ্য।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।