জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে একত্রিত করে বৈশাখ উদযাপন বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনারই প্রতিফলন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, এই আয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য বহিঃপ্রকাশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) চট্টগ্রাম নগরের ডিসি হিলে আয়োজিত বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ‘রংধনু জাতি’ গঠনের প্রত্যয় এ ধরনের আয়োজনের মধ্য দিয়েই প্রতিফলিত হয়। সমাজের সব স্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি শৈল্পিক ও সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যা সত্যিই প্রশংসনীয়।
তিনি আরও বলেন, কোনো আয়োজনকে যদি কেবল আনুষ্ঠানিকতা হিসেবে দেখা হয়, তবে তা কখনো এত প্রাণবন্ত হয়ে উঠতে পারে না। মঞ্চের সামনে ও পেছনে কাজ করা সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই দীর্ঘদিন পর এমন ব্যতিক্রমধর্মী আয়োজন সম্ভব হয়েছে।
নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে র্যালি, আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশনার মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বহুমাত্রিক পরিচয় তুলে ধরা হয়। অনুষ্ঠানের শেষাংশে তিনি উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই চেতনা ধারণ করেই একটি উন্নত, সমৃদ্ধ ও প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
এসময় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এবং বিভাগীয় কমিশনার জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত ছিলেন।